
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। ২৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে জানান, এই মামলার অভিযোগের বিষয়ে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে। তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি রাখার আবেদন জানান তাঁরা। শুনানি শেষে পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় এ মামলা করে পুলিশ। ওই বছরের ১০ মে ডিবি পুলিশ তদন্ত শেষে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, হান্নান শাহসহ ১৮ দলের ৪৬ জন নেতা-কর্মীর নামে অভিযোগ পত্র দেয়।