ফখরুলসহ ৮৭ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রুত বিচার আইনে করা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৮৭ নেতা-কর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আজ বুধবার দুটি মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। দুটি মামলায় আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী তারিখ ধার্য করেন।

আজ দুই মামলার আসামিদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম, এম কে আনোয়ার ও মওদুদ আহমদ আদালতে উপস্থিত ছিলেন। রাজধানীর রমনায় ভিকারুন নিসা নূন স্কুলের সামনে গাড়ি ভাঙচুর ও ত্রাস সৃষ্টির ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।

২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা হয়। গত বছরের ১০ মে প্রথমে মির্জা ফখরুল ইসলামসহ ৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলেও পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল জব্বারের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলসহ দলটির কয়েকজন পলাতক আছেন। আজ এই মামলায় পৃথক আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এই মামলায় আদালত আগামী ২৭ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।