ফখরুলের অ্যাফিডেভিট করা ব্যাখ্যা চেয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, এ বিষয়ে তাঁর অ্যাফিডেভিট করা লিখিত ব্যাখ্যা কাল মঙ্গলবার আপিল বিভাগে জমা দিতে হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দিয়েছেন। মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী সগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়ে গত বৃহস্পতিবার তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চান আপিল বিভাগ। এ বিষয়ে আজ ২২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য ছিল।

পরে আইনজীবী সগীর হোসেন বলেন, মির্জা ফখরুলের পক্ষে তাঁর আইনজীবী জয়নুল আবেদীন আজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দেন। এ সময় আদালত বলেন, তাঁর (মির্জা ফখরুল) অ্যাফিডেভিট করা লিখিত ব্যাখ্যা কাল জমা দিতে হবে।

গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।