ফখরুলের গাড়িবহরে হামলা: আদালতে অভিযোগ
রাঙামাটিতে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় চট্টগ্রামে আদালতে অভিযোগ করা হয়েছে। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগটি করেন বিএনপিপন্থী আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক। আদালত বাদীর বক্তব্য শোনার পর তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। বিকেলে আদেশের জন্য রেখেছেন।
আদালত সূত্র জানিয়েছে, দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধিত ২০১৪)-এর ৪ ও ৫ ধারায় করা এই অভিযোগে ২৬ আসামির বেশির ভাগই ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
যাঁদের নামে অভিযোগ করা হয়, তাঁরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা। এ ছাড়া সরকারদলীয় নেতা-কর্মী হিসেবে মো. সরওয়ার, নাজিমুদ্দিন বাদশা, রাসেল, মহসীন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, মো. জাহেদ, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, রাসেল, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও মো. হারুনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগকারী এনামুল হক প্রথম আলোকে বলেন, হামলাকারী হিসেবে যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁদের সবাই রাঙ্গুনিয়ার বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা পরিকল্পিতভাবে বিএনপিকে নেতৃত্বশূন্য করতে এই হামলা করেছেন।
বাদীর আইনজীবী আবদুস সাত্তার বলেন, অভিযোগ আমলে নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালতকে অনুরোধ করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস আজ দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হামলার সময় তাঁরা উত্তর রাঙ্গুনিয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বিএনপির কোন্দলে এ হামলার ঘটনা ঘটেছে। আর এটি ধামাচাপা দিতে ষড়যন্ত্র করে তাঁদের আসামি করা হয়েছে।
গত রোববার পাহাড়ধসে রাঙামাটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলা হয়। ফলে তাঁরা রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসেন। পরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়।