ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার রাকিব হোসেন (২৫) নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) সোহাগ রানার নেতৃত্বে একদল পুলিশ শহরের উত্তর তেমুনীর ইউনিক হোটেলের সামনে থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রাকিবকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহাগ রানা বলেন, গাড়িবহরে হামলার সঙ্গে রাকিব জড়িত ছিল সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবকে বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আগামীকাল রোববার শুনানি শেষে আদালত এ ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। লক্ষ্মীপুরের পৌর মেয়র আবু তাহেরের ছেলে এইচ এম বিপ্লবের ফাঁসির দণ্ডাদেশ বাতিলের প্রতিবাদে ১ আগস্ট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য শেষে মির্জা ফখরুল গাড়িবহর নিয়ে স্থানীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাড়ির দিকে রওনা দেন। তাঁর গাড়িবহর আবু তাহেরের বাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর থানায় একটি মামলা করেন।