
ঢাকায় যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন্নেসা খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন তাঁর সাবেক স্বামী ফখরুল ইসলাম ওরফে রবিনকে গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের দয়াময়ী এলাকায় জামালপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়। আরিফুন্নেসা ও ফখরুলের বাড়ি জামালপুর শহরে।
মানববন্ধনে নিহত আরিফুন্নেসার স্বজন, সচেতন নাগরিক সমাজ, টিআইবি-সনাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন আরিফুন্নেসার ভাই আবদুল্লাহ আল আমীন বুলবুল, জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি সুবিনয় রায় তপু প্রমুখ।
বক্তারা বলেন, ফখরুলকে আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় জামালপুরবাসী কঠোর আন্দোলনে যাবে।
এ মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর গতকাল বলেন, বলার মতো কোনো অগ্রগতি নেই। আসামি এবং তাঁর পরিবারের সদস্যরা সবাই পলাতক। পুলিশ নজরদারি এবং তল্লাশি অব্যাহত রাখছে।
১৬ মার্চ রাজধানীর সেন্ট্রাল রোড-সংলগ্ন ওয়েস্ট এন্ড স্ট্রিটের নিজ বাসার সামনে খুন হন আরিফুন্নেসা আরিফা।