ফখরুলের জন্য আবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ আপিল বিভাগের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য আবার মেডিকেল বোর্ড গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১২ জুলাইয়ের মধ্যে এই মেডিকেল বোর্ডকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত ১৩ জুলাই এই বিএনপি নেতার জামিনের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন।
এর আগে পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন থাকবে কি না, এ বিষয়ে ৫ জুলাই আদেশের দিন ধার্য করেছিলেন আদালত। ওই দিন মির্জা ফখরুলের শারীরিক অবস্থা পরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়। ওই মেডিকেল বোর্ডের প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
মেডিকেল বোর্ডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা এমন গুরুতর নয় যে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।
এ সময় মির্জা ফখরুলের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, মির্জা ফখরুল ঘাড় ও মেরুদণ্ডের ব্যথার সমস্যায় ভুগছেন। কিন্তু এ বিষয়ে কয়েকটি শারীরিক সমস্যার পরীক্ষা করা হয়নি। এরপর আদালত আরেকটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মির্জা ফখরুলের পক্ষে আদালতে আইনজীবীদের মধ্যে আরও ছিলেন জয়নুল আবেদীন, সগীর হোসেন ও এ কে এম এহসানুর রহমান।
এ কে এম এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত কার্ডিওলজি বিভাগের একজন, ভাসকুলার সার্জারি বিভাগের দুজন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের একজন ও জেনারেল সার্জারি বিভাগের একজনকে নিয়ে পাঁচ সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন। ১২ জুলাই বেলা তিনটার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি সামনে রেখে চলতি বছরের শুরুতে টানা আন্দোলনে নামে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলাতেই তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিনের বিষয়ে এখনো আদেশ হয়নি।
কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।