ফখরুলের জামিন আবেদন শুনতে বিব্রত বিচারপতি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন চেয়ে করা আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের একজন বিচারপতি। গতকাল রোববার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যান তাঁর আইনজীবীরা। গতকাল মির্জা ফখরুলের পৃথক পাঁচটি আবেদন ওই আদালতের কার্যতালিকায় ১২৯ থেকে ১৩৩ ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রফিক-উল হক, মওদুদ আহমদ, মাহবুব উদ্দিন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন। পরে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, বিচারপতি শেখ মো. জাকির হোসেন আবেদন শুনতে বিব্রতবোধ করেন। ইতিমধ্যে বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন বলেন, এর আগে দেওয়া বিভক্ত একটি আদেশ নিয়ে সম্প্রচারমাধ্যমে বিচারপতি শেখ মো. জাকির হোসেন সম্পর্কে বিরূপ মন্তব্য করেন একাধিক সংশ্লিষ্ট আইনজীবী। তাই একই ধরনের আবেদন শুনতে তিনি বিব্রতবোধ করেন। আদালত সূত্র জানায়, গত ২ মার্চ রাজধানীর শান্তিনগর-মালিবাগ এলাকায় ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা ও পল্টন থানায় দুটি করে এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করে পুলিশ। এসব মামলায় ফখরুল ইসলামকে আসামি করা হয়। এদিকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির নেতা মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান ও মোয়াজ্জেম হোসেন আলাল পৃথক মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে পৃথক আবেদন করেছেন।