ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ, আদেশ ১৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাবেন কি না, এই আদেশের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট।
মির্জা ফখরুলের জামিন প্রশ্নে দেওয়া রুলের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই দিন ধার্য করেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, তিন মামলায় মির্জা ফখরুলের জামিনের বিষয়ে আদালত যে রুল দিয়েছিলেন, তার ওপর শুনানি শেষ হয়েছে। ১৬ নভেম্বর আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সব মামলায় তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান।