ফখরুলের জামিন বহাল কি না, আদেশ ৮ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ রোববার আদেশের এই তারিখ ধার্য করেন।
আদেশের তারিখ ধার্য করে আদালত বলেন, এই সময়ের মধ্যে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।
পরে মির্জা ফখরুলের আইনজীবী এ কে এম এহসানুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের শারীরিক অবস্থার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে ওই প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার আপিল বিভাগে মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা তিনটি আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আদেশের জন্য আজ ৫ জুলাই রোববার দিন ধার্য করেন আদালত। কিন্তু আদালতের আজকের আদেশ অনুযায়ী, মির্জা ফখরুলকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল থাকবে কি না, তা জানা যাবে বুধবার।

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।

৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিন আপিল বিভাগে বিচারাধীন।

কারাবন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন হাইকোর্টের নির্দেশে মির্জা ফখরুলকে কাশিমপুর কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।