ফখরুলের জামিন বহাল থাকবে কি না আদেশ ২৮ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে করা তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, সে বিষয়ে ২৮ জুন রোববার আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মির্জা ফখরুলের জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
গতকাল আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদ এবং এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় ১৮ জুন মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত এ জামিন দেওয়া হয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
কারাবন্দী মির্জা ফখরুল হাইকোর্টের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রেয়ছেন।