ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিন মাসের জামিন দিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ৩০ নভেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই আবেদনের ওপর শুনানি হবে।
সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার শুনানির এই দিন ধার্য করেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
সগীর হোসেন বলেন, ২৪ নভেম্বর ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ৩০ নভেম্বর শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।