ফখরুলের জামিনের বিষয়ে আদেশ রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাবেন কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন পুনর্নির্ধারণ করেন।
ওই আদেশের জন্য আজ (১৬ নভেম্বর‍) দিন ধার্য ছিল। মির্জা ফখরুলের জামিন প্রশ্নে দেওয়া রুলের শুনানি শেষে গত ১১ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ ওই দিন ধার্য করেছিলেন। কিন্তু আজ আদেশের দিন পুনর্নির্ধারণ করা হলো।
নাশকতার অভিযোগে করা ওই তিন মামলায় গত ৩ নভেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মির্জা ফখরুল। কিন্তু আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে।

৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি।