ফখরুলের জামিনের বিষয়ে আদেশ ২২ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার নাশকতার তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পাবেন কি না, সে বিষয়ে আদেশের জন্য ২২ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। মির্জা ফখরুলের জামিন প্রশ্নে দেওয়া রুলের শুনানি শেষে ১১ নভেম্বর হাইকোর্ট আদেশের এদিন ধার্য করেছিলেন। আদালতে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে চলতি বছরের শুরুতে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন থানার ছয়টি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সব মামলায় তিনি হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান। পাশাপাশি তাঁকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল দেন।
তবে পল্টন থানার তিন মামলায় হাইকোর্টের অন্তর্বর্তী জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। গত ১৩ জুলাই মির্জা ফখরুলের শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ান সর্বোচ্চ আদালত। সর্বশেষ ২ নভেম্বর মির্জা ফখরুল আবার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তবে আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়াননি। এতে তিনি পরদিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারিক আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে আছেন।