ফখরুলের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন শুনানি ৩১ আগস্ট
রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩১ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।
তাঁর আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
সগীর হোসেন বলেন, মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার তিনটি মামলায় ছয় সপ্তাহের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগ। কিন্তু তিনি বিদেশে চিকিৎসাধীন। তাই তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। চেম্বার আদালত আবেদন তিনটি শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছেন।
গত ১৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন বহাল রাখেন।
গত ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। নাশকতার অভিযোগে পল্টন থানার ছয়টি ও মতিঝিল থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।