ফখরুলের জামিনের মেয়াদ বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ বাড়াননি আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে ফখরুলের আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি হয়।

পরে বিএনপি নেতা ফখরুলের আইনজীবী সগীর হোসেন বলেন, আদালত তাঁর আত্মসমর্পণের মেয়াদ বাড়াননি। দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে তাঁর জামিনের বিষয়ে দেওয়া রুল নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।

১৩ জুলাই শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে দুই দফায় তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়।

চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। ৬ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার সাতটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পল্টন থানার মামলা ছয়টি ও মতিঝিল থানার একটি। সবগুলোতে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এর মধ্যে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। আর পল্টন থানার তিনটি মামলায় হাইকোর্টের জামিন ১৩ জুলাই ছয় সপ্তাহের জন্য বহাল রাখেন আপিল বিভাগ।