ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪১ নেতার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মামলাটি বিচার নিষ্পত্তির জন্য নথি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান এ ব্যাপারে আদেশ দেন।
গত ৫ আগস্ট গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস দণ্ডবিধি এবং বিস্ফোরকদ্রব্য আইনে রমনা থানার মামলায় ৪১ এবং পল্টন থানার মামলায় ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গতকাল তা গ্রহণ করেন আদালত।
অভিযোগপত্রের উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, মির্জা আব্বাস, আমান উল্লাহ, বরকত উল্লা, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
মামলায় বলা হয়েছে, গত বছরের ২ মার্চ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল মগবাজার যাওয়ার পথে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারের বেশি নেতা-কর্মী মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।