গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন।
আদালত আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আরেকটি মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে বিচার শুরু হলো। তাঁর আইনজীবীরা বলেছেন, এ নিয়ে তাঁর বিরুদ্ধে ৩৪টি মামলায় বিচার শুরু হলো।
গতকাল অভিযোগ গঠন করা হয়েছে রাজধানীর পল্টন থানায় করা একটি মামলায়। মির্জা ফখরুলসহ ৩৬ জন আসামি মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে এ মামলায় পলাতক ৩৮ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে জানতে চাইলে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন থানায় মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৬৪টি মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। গতকাল পর্যন্ত ৩৪টি মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। বাকি মামলাগুলো তদন্তাধীন আছে।
আদালত সূত্র বলেছে, গতকাল অভিযোগ গঠন করা পল্টন থানার এই মামলায় আসামি হিসেবে মির্জা ফখরুল ছাড়া বিএনপির উল্লেখযোগ্য কেন্দ্রীয় অন্য কোনো নেতা নেই। অন্যরা দলটির ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী। গতকাল মির্জা ফখরুলসহ ৩৬ জন আদালতে হাজির ছিলেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন আইনজীবী বোরহান উদ্দিন, মো. নুরুজ্জামান প্রমুখ। শুনানিতে আইনজীবীরা আদালতকে বলেন, মির্জা ফখরুলের নাম মামলার এজাহারে নেই। রাজনৈতিক প্রতিহিংসার বশে তাঁকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হোক।
মির্জা ফখরুলসহ ৩৬ জন মামলার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুর রহমান খান শুনানিতে বলেন, তদন্তে সাক্ষ্য-প্রমাণে আসামিদের নাম এসেছে। আসামিদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাচেষ্টার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালত সূত্র বলেছে, এই মামলায় ২০১৪ সালের ২৮ জুলাই মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পল্টন থানার পুলিশ। তাঁদের মধ্যে মির্জা ফখরুলসহ ৩৬ জন জামিনে আছেন। ৩৮ জন পলাতক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর দুপুরে রাজধানীর ফকিরাপুল থেকে বিএনপিসহ তৎকালীন ১৮-দলীয় জোটের একটি মিছিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যেতে থাকে। মিছিলটি হোটেল ক্যাপিটালের সামনে পৌঁছালে আসামিরা গাড়ি ভাঙচুর শুরু করেন। পুলিশ বাধা দিলে উত্তেজিত নেতা-কর্মীরা পুলিশকে মারধর করেন, ককটেলের বিস্ফোরণ ঘটান এবং গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় পল্টন থানার পুলিশ এ মামলা করে।