ফখরুলের বিরুদ্ধে এক মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর শাহজাহানপুর থানায় করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এই দিন ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে মির্জা ফখরুলকে পুলিশ আদালতে হাজির না করায় তাঁর আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে এ মামলাটি করে শাহজাহানপুর থানার পুলিশ। তদন্ত শেষে গত বছরের ২০ মার্চ মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।