ফখরুলের বিরুদ্ধে বাস পোড়ানোর মামলা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রাজধানীর মালিবাগে বাস পোড়ানোর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে।
রমনা বিভাগীয় পুলিশের উপকমিশনার মারুফ হাসান সরকার আজ রোববার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় মালিবাগের চৌধুরীপাড়ায় রামপুরাগামী সুপ্রভাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লে এতে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে চালক বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করার সময় কয়েকজন পথচারীকে ধাক্কা দেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক হাবিবুর রহমান নামে একজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন ১৯ জন। এঁদের মধ্যে মারা গেছেন ছাত্র নাহিদ মোড়ল ও পোশাককর্মী রবিন মাতবর।