ফজলুর রহমানের অন্তর্বর্তী জামিন
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. ফজলুর রহমানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শেখ আখতার-উল ইসলাম ও উম্মে কুলসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। পরে উম্মে কুলসুম প্রথম আলোকে বলেন, ছয় মাসের জামিন মঞ্জুর হওয়ায় ফজলুর রহমানের কারামুক্তিতে আইনগত বাধা নেই।
আইনজীবী সূত্র জানায়, গত ১৯ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে কিশোরগঞ্জের ইটনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেন।