ফজলুরের পাশে পুলিশসহ অনেকে
চট্টগ্রামে পেট্রলবোমায় দগ্ধ রিকশাচালক ফজলুর রহমানের পাশে দাঁড়িয়েছে পুলিশসহ একাধিক সংস্থা ও ব্যক্তি। তাঁর চিকিৎসা ও মেয়ের লেখাপড়ার জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।
গতকাল রোববার বিকেলে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল তাঁর কার্যালয়ে ফজলুর রহমানের ছেলে আমিনুর রহমানের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন।
প্রথম আলোর শেষ পাতায় গতকাল পেট্রলবোমায় গুরুতর দগ্ধ রিকশাচালককে নিয়ে ‘টাকা কীভাবে শোধ দেবেন ফজলুর?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন সংস্থা ও হৃদয়বান ব্যক্তিরা প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করেন। অনেকেই ফজলুরের চিকিৎসা এবং তাঁর মেয়ের পড়ালেখার খরচ মেটাতে নিজেদের আগ্রহের কথা জানান।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, রিকশাচালকের দুরবস্থার কথা পড়ে পুলিশের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিচালক ফজলুরকে ১০ হাজার টাকা সাহায্য করেছেন। এ ছাড়া রপ্তানি উন্নয়ন বু৵রোর একজন পরিচালক ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহায়তার আশ্বাস দিয়েছেন ফজলুরকে।
গত শুক্রবার রাতে চট্টগ্রামের সিডিএ-১ নম্বর এলাকায় রিকশা চালানোর সময় পেট্রলবোমা হামলার শিকার হন ফজলুর রহমান।