ফজলুল আজিমকে কম কথা বলার পরামর্শ
জাতীয় সংসদের একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি বলেন, ‘বেশি কথা বলেন তো! সে জন্য ভুল করেন। কম কথা বলা ভালো। কম কথা বলবেন, ভুল কম হবে। বেশি কথায় ভুল বেশি হয়।’এর আগে সংসদে উত্থাপিত পরিসংখ্যান বিল ২০১৩-এর ওপর দেওয়া সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন ফজলুল আজিম। এ সময় তিনি বর্তমান সরকারকে ‘সো কলড’ হিসেবে উল্লেখ করে বলেন, সংসদে মাত্র দুজন মন্ত্রী উপস্থিত আছেন। ৭১ বিধিতে নোটিশ দিলে মন্ত্রীদের খুঁজে পাওয়া যায় না।আজিমের বক্তব্যের পর হুইপ আ স ম ফিরোজ পয়েন্ট অব অর্ডারে (বৈধতার প্রশ্ন) দাঁড়িয়ে বলেন, ‘স্বতন্ত্র সংসদ সদস্য বর্তমান সরকারকে “সো কলড” বলেছেন। কিন্তু এ সরকার সো কলড নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকার। উনি অধিবেশনে দুজন মন্ত্রীর উপস্থিতির কথা বলেছেন। আসলে এ মুহূর্তে অধিবেশনকক্ষে ১৪ জন মন্ত্রী উপস্থিত আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশির ভাগ সময় সংসদে উপস্থিত থাকেন। মন্ত্রীদের অনেকে সংসদের নিজ কার্যালয়ে বসে অধিবেশন শোনেন। প্রয়োজন হলেই অধিবেশনকক্ষে চলে আসেন।’ আ স ম ফিরোজ ফজলুল আজিমের বক্তব্য একপাঞ্জ করার দাবি করেন।এ সময় ফজলুল আজিম মাইক ছাড়াই বলেন, তিনি সরকারকে ‘সো কলড’ বলেননি।জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘মাইক ছাড়া কথা বলেন কেন? আপনি এ কথা বলে থাকলে তা একপাঞ্জ করা হলো...কথা কম বলা ভালো। কম কথা বলবেন, ভুল কম হবে।’