ফজলুল আজিমের ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়েন্ট অব অর্ডারে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে না দেওয়ায় গতকাল বুধবার সংসদের অধিবেশন থেকে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি ওয়াকআউট করে মিনিট পাঁচেক পর অধিবেশনকক্ষে ফিরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন।ফজলুল আজিম ৩০১ বিধিতে (পয়েন্ট অব অর্ডার) কথা বলতে চাইলে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘সংবিধানের কোনো অনুচ্ছেদ বা কার্যপ্রণালি বিধির কোনো বিধি লঙ্ঘিত হয়েছে কি না, তা আপনাকে বলতে হবে। এ শর্তে আপনাকে ফ্লোর দেওয়া হলো।’ এরপর ফজলুল আজিম বলেন, ‘কেতাব দিয়ে সংসদ চলে না। ৩০১ বিধিতে রাষ্ট্র, জনগণ, সংসদ এবং এমপিদের অধিকারসহ সব বিষয়ে কথা বলা যায়। আপনাকে আইনের স্পিরিট ও এসেন্স দেখতে হবে। আমি আপনাকে আপনার কাজটা মনে করিয়ে দিতে চাচ্ছি।’তখন ফজলুল আজিমের মাইক বন্ধ করে দিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনাকে মাইক দিলাম। কিন্তু আপনি তো পয়েন্ট অব অর্ডারে কথা বললেন না। আপনি জ্ঞান দিলেন। আমার দায়িত্ব আপনাকে বলতে দেওয়া। আমি আমার কাজ করছি। আপনি পয়েন্ট অব অর্ডারে কথা বলুন।’ মাইক পেয়ে ফজলুল আজিম আবার রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে চাইলে ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়ে বলেন, ‘এতে সংবিধানের কোন বিধি লঙ্ঘিত হয়েছে? আপনার বক্তব্য ৩০১ বিধিতে পড়ে না। এ জন্য আপনি নোটিশ দিতে পারতেন, দেননি কেন? ভবিষ্যতে নোটিশ দিয়ে কথা বলবেন।’ তখন ফজলুল আজিম বলেন, ‘আপনি চালান, আমি ওয়াকআউট করছি।’এর আগে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল-২০১২ সংসদে পাস হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করেন। এতে ফজলুল আজিমের দুটি সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হয়।