ফজলুল আজিমের প্রতিবাদ এবং প্রতিবেদকের বক্তব্য
গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘হাতিয়ার রাজনীতি ও দস্যিপনা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিম। প্রতিবাদে তিনি দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনে কিছু তথ্যবিভ্রাট রয়েছে এবং রাজনৈতিকভাবে বিশেষ কাউকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রতিবেদন করা হয়েছে। প্রতিবাদপত্রে ফজলুল আজিম বলেন, ‘জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাতদের বিরুদ্ধে আমি সংসদসহ সর্বত্র সোচ্চার ভূমিকা রাখার কারণে গত দুই বছরে আমার ওপর তিনবার হামলা হয়েছে। হামলার পরে মামলা হলেও পুলিশ প্রশাসনের অনীহার কারণে কোনো সুরাহা হয়নি।’ সংসদ সদস্য পদের বিষয়ে তিনি বলেন, ‘হাইকোর্ট আমাকে ব্যক্তিগতভাবে কোনো কারণে দোষী সাব্যস্ত করেননি বা সাংসদ হিসেবে আমাকে অযোগ্য ঘোষণা করেননি। প্রতিবেদনে লেখা হয়েছে নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারের কারণে হাইকোর্ট ফজলুল আজিমকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন।’ ফজলুল আজিম বলেন, ‘প্রতিবেদনে মোহাম্মদ আলীকে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। জেলা আওয়ামী লীগ মোহাম্মদ আলীকে তাঁর অপকর্মের জন্য বহিষ্কার করেছে। বর্তমানে তাঁর রাজনৈতিক কোনো পদবি নেই।’হাতিয়ায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাতদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন ফজলুল আজিম। তাঁর দাবি, ‘প্রতিবেদনে জলদস্যুদের গডফাদার ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত মোহাম্মদ আলীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে।’ প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, চরাঞ্চলের বাসিন্দা ও একাধিক জলদস্যুর সঙ্গে আলাপ করে পাওয়া তথ্যই প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তি। সাংসদ ফজলুল আজিমের প্রতিবাদের এসব বক্তব্যই সেই প্রতিবেদনে ছাপা হয়েছে। প্রতিবাদপত্রে ফজলুল আজিম একাধিকবার উল্লেখ করেছেন, মোহাম্মদ আলী জলদস্যুদের মদদদাতা। প্রথম আলোর প্রতিবেদনেও এই অভিযোগ ছিল। ফলে মোহাম্মদ আলীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার যে অভিযোগ ফজলুল আজিম প্রথম আলোর বিরুদ্ধে তুলেছেন, তা সারবত্তাহীন। নোয়াখালী-৬ আসন হাইকোর্টে শূন্য ঘোষণা করার বিষয়ে ফজলুল আজিমের বক্তব্য অস্পষ্ট। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে হাতিয়া উপজেলার তখনকার নির্বাহী কর্মকর্তা নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে ১০টি ভোটকেন্দ্র পরিবর্তন করেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় হাইকোর্ট ২০১০ সালের ২৬ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন। ফজলুল আজিম নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটিতে মোহাম্মদ আলীর পদবি নিয়ে যে দাবি করেছেন, তাও সঠিক নয়। জেলা আওয়ামী লীগ থেকে মোহাম্মদ আলীকে বহিষ্কারের সুপারিশ করা হলেও কেন্দ্রীয় আওয়ামী লীগ তা এখনো অনুমোদন করেনি। প্রতিবাদপত্রে সাংসদ ফজলুল আজিম তাঁর সম্পর্কিত অধিকাংশ তথ্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। কিন্তু সঠিক তথ্যটি কী তা তিনি আর বলেননি।