দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খুন হয়েছেন। এই হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা তিন আসামি জাহাঙ্গীর আলম, নিয়ামত হোসেন ওরফে রাজু ও সালাউদ্দিন পুলিশের কাছে এই তথ্য প্রকাশ করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নাজমুল করিম প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা জাহাঙ্গীর আলম ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজির জামাতা, নিয়ামত হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও সালাউদ্দিন তাঁদের সহযোগী। গতকাল মঙ্গলবার তাঁদের পাঁচ দিনের রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বলেন, ফজলুল হকের সঙ্গে দলের কার কার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল, রিমান্ডে থাকা আসামিরা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না। খুনের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথাও তাঁরা অস্বীকার করেছেন। তাঁরা মাঝেমধ্যে পুলিশকে বিভ্রান্তিকর তথ্যও দিচ্ছেন। খুনের ঘটনায় নতুন আর কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তদন্তকারী কর্মকর্তা জানান। মামলাটি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। ডিবি কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ হাজি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি গত ৮ জানুয়ারি আগারগাঁওয়ে বিএনপি বাজার সমিতির কার্যালয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন। তিনি এখনো জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। উপকমিশনার মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, প্রয়োজনে নূর মোহাম্মদ হাজিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত শুক্রবার দুপুরে পশ্চিম আগারগাঁওয়ে বাইতুন নূর জামে মসজিদের কাছে দুটি মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীদের দুজন মাথায় ও পিঠে রিভলবার ঠেকিয়ে গুলি করে আওয়ামী লীগের নেতা ফজলুল হককে হত্যা করে।