ফজলুল হক খুনের ঘটনায় আরও চারজন গ্রেপ্তার
৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খুনের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার ভোরে রাজধানী ও আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজন হলেন জসীম উদ্দিন (২৭), শামীম (২১), সেলিম আহমেদ ওরফে রনি (২৮) ও এস এম মুঞ্জুর এলাহী (২০)। র্যাব জানায়, মাদক ব্যবসা, দরপত্র নিয়ন্ত্রণ ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ জানুয়ারি আগারগাঁওয়ে হাজি নূর মোহামদ গুলিবিদ্ধ হন। এর প্রতিশোধ নিতে ১৪ জানুয়ারি সন্ত্রাসী মিন্টু, ভাতিজা জসীম এবং হাজি বাবু ভাড়াটে খুনি দিয়ে ফজলুল হককে হত্যা করান। এ ঘটনার পাঁচ দিন আগে জসীমের বাসায় দুলাল, সেলিম, শামীম এবং রনি পরিকল্পনা করেন। র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, ১৩ জানুয়ারি জসীমের বাসায় কাচের বোতলে বোমা তৈরি করেন শামীম। বোমা তৈরির সরঞ্জামের জোগান দেন জসীম। এতে সহায়তা করেন রনি। ঘটনার দিন সকাল থেকে কিলিং মিশনের অন্য সদস্যরা জসীমের বাসায় একত্রিত হয়ে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করেন। তাঁদের পরিকল্পনামতো ইমন ও শামীম অস্ত্র নিয়ে আসেন। র্যাব জানায়, জুমার নামাজের আধাঘণ্টা আগে ফজলুল হক আগারগাঁওয়ের বাসা থেকে ইসলামী ফাউন্ডেশনের পাশের এতিমখানাসংলগ্ন বায়তুন নুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে সন্ত্রাসীদের দেখে মসজিদসংলগ্ন গলি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দুলাল তাঁকে লক্ষ্য করে গুলি করেন। গুলি ফজলুল হকের পিঠে বিদ্ধ হয়। আরেক সন্ত্রাসী জসীমও গুলি করেন। তাঁদের সহযোগী কালু দুটি বোমা ফাটালে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে সরে যান। কিছু দূর গিয়ে ফজলুল হক আমগাছের নিচে পড়ে যান। সন্ত্রাসীরা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে এবং আমগাছের সঙ্গে চেপে ধরে মাথায় তিনটি ও হাতে একটি গুলি করে।