ফজলুল হক ছিলেন অগ্রগামী স্বাপ্নিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তিদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার পাওয়া ব্যক্তিদের সঙ্গে অতিথিরা l ছবি: প্রথম আলো

কিছু মানুষের যেন জন্মই হয় স্বপ্ন দেখার জন্য। দেশকালের বাস্তবতায় সময়ের চেয়ে তাঁরা এগিয়ে থাকেন। ফজলুল হক ছিলেন তেমনই এক অগ্রগামী স্বাপ্নিক মানুষ। স্বপ্ন শুধু নিজেই দেখতেন না, দেখাতেন অপরকেও। চলচ্চিত্রবিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক এবং প্রথম শিশু চলচ্চিত্র প্রেসিডেন্ট-এর পরিচালক ফজলুল হককে এভাবেই মূল্যায়ন করলেন বিশিষ্টজনেরা।
গতকাল বুধবার ছিল ফজলুল হকের ২৬তম মৃত্যুবার্ষিকী। প্রতিবছর এই দিনটিতে তাঁকে স্মরণ করে দেওয়া হয় ফজলুল হক স্মৃতি পুরস্কার। ফজলুল হকের সহধর্মিণী প্রখ্যাত কথাশিল্পী রাবেয়া খাতুনের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২০০৪ সালে প্রবর্তিত এ পুরস্কার এবার পেলেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তাফা জব্বার। রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কারের অর্থমূল্য ২৫ হাজার টাকা, সম্মাননাপত্র ও স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় ফজলুল হকের মেয়ে কেকা ফেরদৌসী উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দীন জাকী।

সময়টা ৫০-এর দশক। তখনো চলচ্চিত্র নির্মাণ শুরু হয়নি এ দেশে। ওই সময় মফস্বল শহর বগুড়া থেকে সিনেমা নামে একটি পত্রিকা প্রকাশ করেন ফজলুল হক। পত্রিকাটি ছিল তখন পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্রবিষয়ক মাসিক সাময়িকী। সেই সূত্রে এ দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ফজলুল হক। শহিদুল আলম সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র সম্মুখযাত্রী ফজলুল হক দেখানোর মধ্য দিয়ে শুরু হয় ফজলুল হক স্মৃতি পুরস্কারের ১৩তম আসর। অনুষ্ঠানে আহমাদ মাযহার সম্পাদিত ফজলুল হক: অগ্রগামী স্বাপ্নিক শিরোনামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একজন করিতকর্মা ও উদার মনের মানুষ ছিলেন ফজলুল হক। দেশের চলচ্চিত্র উন্নয়নের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। নানা ক্ষেত্রে বৈচিত্র্যময় ভূমিকা পালন করে অনেক ক্ষেত্রে তিনি অগ্রপথিক ছিলেন।’

ফারজানা ব্রাউনিয়ার সঞ্চালনায় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি একসময় রূপ নেয় স্মৃতিচারণা অনুষ্ঠানে। ফজলুল হককে কথামালায় স্মৃতিচারণা করেন গাজী মাজহারুল আনোয়ার, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, চিন্ময় মুৎসুদ্দী, আবদুর রহমান, রেজানুর রহমান, ফজলুল হকের পরিবারের সদস্য কণা রেজা, জহির উদ্দিন মাহমুদ, মুকিত মজুমদার, ছোট ছেলে ফরহাদুর রেজাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান ও মোস্তাফা জব্বার।