ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদের নাইট উপাধি লাভ শুধু তাঁর একার কিংবা এনজিওগুলোর নয়, সমগ্র জাতির জন্য গৌরবময় ঘটনা। তাঁর এই অর্জনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে দেখছে যে বাংলাদেশ বিশ্বমাপের একজন মানুষকে জন্ম দিতে পেরেছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস গতকাল বুধবার সন্ধ্যায় ফজলে হাসান আবেদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। দি ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি) রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে।মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফজলে হাসান আবেদের নাইট উপাধি লাভ উপলক্ষে আয়োজিত আজকের এই সংবর্ধনা শুধু কোনো গোষ্ঠীর নয়, সমগ্র জাতির। দীর্ঘ সাধনার মাধ্যমে তিনি এ সম্মান অর্জন করেছেন। তাঁর এই প্রাপ্তিতে আমরা আজ সবাই আনন্দিত, গৌরবান্বিত। জাতি হিসেবে পরিচয় দিতে অনেক সময় আমাদের মধ্যে দ্বিধা কাজ করে। ফজলে হাসান আবেদ প্রমাণ করেছেন, জাতি হিসেবে আমরা ছোট নই।’মুহাম্মদ ইউনূস বলেন, ‘সারা জীবন আমরা তাঁকে আবেদ ভাই বলে এসেছি। ব্রিটিশরা একটা শাস্তি দিল। এখন থেকে তিনি সবার স্যার আবেদ ভাই হয়ে গেলেন।’ইউনূস বলেন, মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তিনি একটু একটু করে ব্র্যাকের মতো বিশাল একটি প্রতিষ্ঠান গড়েছেন। যে প্রতিষ্ঠান শুধু আকারে নয়, কর্মসূচিতেও ব্যাপক। তিনি ব্র্যাকের মাধ্যমে সারা পৃথিবীর এনজিও কর্মকাণ্ডের কাঠামো বদলে ফেলেছেন।গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, ‘আজ আমরা তাঁকে সংবর্ধনা দিতে এসে নিজেদের সম্মানিত করতে এসেছি। নতুন প্রজন্মকে জানাতে এসেছি, এ দেশ পৃথিবীর মাপের একজন মানুষকে জন্ম দিয়েছে, যেটা তাদের উদ্বুদ্ধ করবে।’ফজলে হাসান আবেদ বলেন, ‘এ দেশের এনজিও আন্দোলন আমাদের স্বাধীনতা যুদ্ধের ফসল। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে কীভাবে দায়িত্ব নিতে হয়। মুক্তিযুদ্ধ থেকে আত্মবিশ্বাস পেয়েছিলাম। সরকারের পাশাপাশি উন্নয়নে ব্রতী হয়েছিলাম। কারণ উন্নয়নের দায়িত্ব সরকারের একার ওপর ছেড়ে দিলে চলবে না। এরই অংশ হিসেবে নানাভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, সেটা বিচার করবে আগামী প্রজন্ম।’ ফজলে হাসান আবেদ আরও বলেন, ‘এনজিওগুলোর দ্বিধাবিভক্তিতে বেদনা বোধ করি। আমরা আজ এফএনবি ও এডাব—এই দুই শিবিরে বিভক্ত। যদি আমরা এক হতে পারতাম, আমাদের কর্মকাণ্ড আরও জোরালো হতো। আমরা সবাই যাতে একসঙ্গে মিলিত হয়ে কাজ করতে পারি, সেটাই আমি চাই। আমি ফেডারেশন অব ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে (এফডিএবি) একসঙ্গে যুক্ত হয়ে কাজ করতে সবার প্রতি অনুরোধ জানাই।’সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, ‘আমার সঙ্গে ফজলে হাসান আবেদের পরিচয় লন্ডনে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে। এর পর থেকেই নানাভাবে আমাদের সম্পর্ক এগিয়েছে। আজ তাঁর হাতে গড়া ব্র্যাক বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। স্বীকৃতি পেয়েছে বিশ্বের সর্ববৃহত্ এনজিওর। নাইট উপাধি লাভের মধ্য দিয়ে তিনি আজ সারা বিশ্বে সম্মানিত হয়েছেন।’ বক্তৃতা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফজলে হাসান আবেদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, রোকেয়া আফজাল রহমান, হাফিজউদ্দিন আহমেদ খান, আকবর আলি খান, গীতি আরা সাফিয়া চৌধুরী, রাশেদা কে চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক আবদুল্লাহ আবু সায়ীদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি বদিউল আলম মজুমদার, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান রুমী আলী, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ।