ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সেখানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয়, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে গতকাল সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রাজধানীর ওসমানী মিলনায়তনে, বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ, সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগ, বাদ আসর ঢাকা মহানগর আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করে।
১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে ফজিলাতুন্নেছা জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে তাঁকেও হত্যা করা হয়।