ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা গত মঙ্গলবার থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। হলের প্রধান ফটকে আওয়ামী লীগের ব্যানার লাগানোকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের পদত্যাগের পর এ অবস্থার সৃষ্টি হয়েছে।
হল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কয়েক দিন ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের ব্যানার ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হচ্ছিল। গত রোববার ছাত্রলীগ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রধান ফটকের সামনে দুটি ব্যানার সাঁটিয়ে দেয়। অনুমতি না নিয়ে ব্যানার লাগানোয় পরের দিন তা খুলে ফেলে হল প্রশাসন।
এ ঘটনায় ছাত্রলীগ ক্ষুব্ধ হয়ে ওই হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করে বিক্ষোভ মিছিল এবং হলের প্রধান ফটকে গিয়ে প্রভোস্টকে জামায়াত-শিবিরের সহচর উল্লেখ করে স্লোগান দেয়। এ সময় তারা প্রভোস্ট এ কে এম শামসুদ্দীনকে না পেয়ে তাঁকে মুঠোফোনে গালিগালাজ করে।
এ ঘটনার প্রতিবাদে এ কে এম শামসুদ্দীন গত মঙ্গলবার পদত্যাগ করেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই হলের অন্য চার হাউস টিউটরও রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
একযোগে প্রভোস্ট ও হাউস টিউটররা পদত্যাগ করায় এবং নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় স্থবির হয়ে পড়েছে ওই হলের প্রশাসনিক কার্যক্রম। ওই হলের আবাসিক ছাত্রীরা অভিযোগ করে বলেন, হল প্রশাসন না থাকায় কর্মচারী ও নিরাপত্তাকর্মী সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। ফলে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির সময়ও ওই হলের প্রভোস্ট ও হাউস টিউটররা উপস্থিত ছিলেন না।
এ কে এম শামসুদ্দীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে রাজি হননি। রেজিস্ট্রার আবদুল খালেক প্রথম আলোকে জানান, তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তবে ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তাঁদের পদত্যাগের সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।