ফজিলাতুন্নেছার জীবন থেকে শিক্ষা নিতে মেয়েদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সব সমস্যা নির্মূল করে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর সামর্থ্য অর্জনে নতুন প্রজন্মের মেয়েদের প্রতি শেখ ফজিলাতুন্নেছার জীবনাচরণ ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেছার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জাতি গঠনে বঙ্গমাতার অবদান’ শীর্ষক আলোচনা সভায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি আরও বলেন, ‘জাতি গঠনে বঙ্গমাতার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো আমাদের দায়িত্ব।’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পরিষদ আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম, পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবদুস সালাম বক্তব্য দেন।রাষ্ট্রপতি বলেন, ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে গঠনমূলক পরামর্শ দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।পরে রাষ্ট্রপতি ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য বঙ্গমাতা পরিষদের পক্ষে সৈয়দা সাজেদা চৌধুরীকে মুক্তিযোদ্ধা নারী সম্মাননা দেন।