ফজিলাতুন্নেসা ও রাসেলের নামে দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর আজ স্থাপন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরে যে ১৭টি স্কুল-কলেজ স্থাপন করা হবে, সেগুলোর মধ্যে দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আজ শনিবার। রাজধানীর হাজারীবাগে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে মহাবিদ্যালয় ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে একটি উচ্চবিদ্যালয় রয়েছে।আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ঢাকা শহরে কিছু এলাকা আছে, যেখানে নতুন বসতি গড়ে উঠেছে। কিন্তু সরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা হয়নি। এ ধরনের এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তৈরি করা হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠান তৈরির কাজ শেষ করার চেষ্টা করা হবে। উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী এই দুটি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বাকিগুলোর কাজও শিগগির শুরু করা হবে। প্রকল্পের কর্মকর্তারা জানান, রাজধানীতে সরকারি প্রতিষ্ঠানের সংখ্যা চাহিদার তুলনায় অনেক কম। বর্তমানে ঢাকা শহরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে মাধ্যমিকস্তরের পাশাপাশি প্রাথমিক এবং কোনোটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এতেও প্রতিবছর ভর্তিসংকট দেখা দেয়। বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে সরকার এসব বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। প্রকল্প সূত্র জানায়, এখন পর্যন্ত ১৫টি স্কুল-কলেজের জায়গা ঠিক হয়েছে। এর মধ্যে হাজারীবাগ, মিরপুরের দুয়ারীপাড়া, ভাষানটেক পুনর্বাসন প্রকল্প, সবুজবাগ ও দক্ষিণখানে একটি করে বিদ্যালয় ও মহাবিদ্যালয় হবে। শ্যামলীতে একটি মহাবিদ্যালয় এবং দারুসসালাম, জুরাইন, উত্তরখান ও মোহাম্মদপুরে গভ. কমার্শিয়াল ইনস্টিটিউটে একটি করে বিদ্যালয় হবে। ইতিমধ্যে নয়টি প্রতিষ্ঠানের জন্য জমিও নিবন্ধন করা হয়েছে। বাকি দুটি প্রতিষ্ঠানের জায়গা খোঁজা হচ্ছে। জানা যায়, ২০১৩ সালের মধ্যে এসব স্কুল ও কলেজ স্থাপনের কাজ শেষ করে শিক্ষাকার্যক্রম শুরুর কথা। প্রকল্প চলবে ২০১৪ সাল পর্যন্ত। এ কাজে ব্যয় ধরা হয়েছে ৪৩৫ কোটি টাকা।