ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রী হল শাখা ছাত্রলীগের কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে ওই কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই কমিটিকে কেন স্থায়ীভাবে স্থগিত করা হবে না—এই মর্মে ওই কমিটির নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব আগামী সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল আরিফা সুলতানাকে সভাপতি করে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা হয়।
এ ব্যাপারে আরিফা সুলতানা বলেন, ‘স্থগিতের বিষয়ে কোনো চিঠি পাইনি।’
সাইফুল ইসলাম বলেন, চিঠি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাঁরা আগামী সাত দিনের মধ্যে নোটিশের সুস্পষ্ট জবাব দিতে না পারলে কমিটি স্থায়ীভাবে স্থগিত করা হবে।