ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের সুপারিশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের নামে পদ্মা সেতুর নামকরণের সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি সেতুটিতে রেললাইন সংযোজনের ব্যবস্থা রাখারও সুপারিশ করেছে।সংসদ সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শেখ মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, একরামুল করিম চৌধুরী, গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন। সভায় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় কমিটির সদস্যরা বাংলাদেশ রেলওয়ের অবৈধ সম্পত্তি উদ্ধারের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সভায় মহাসড়কে নসিমন ও করিমন জাতীয় যানবাহন চলাচল বন্ধ এবং অপ্রয়োজনীয় গতিরোধক সরানোর সুপারিশ করা হয়।সভার পর অপু উকিল সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অবদানও অস্বীকার করার উপায় নেই। এ কারণেই কমিটি পদ্মা সেতুর নাম বেগম ফজিলাতুন্নেসা মুজিব সেতু করার প্রস্তাব দিয়েছে। শুধু স্বাধীনতাবিরোধী গোষ্ঠীই এ নামকরণের বিরোধিতা করতে পারে।এর আগে কমিটির সভাপতি সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরেই পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হবে। এ কাজের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ছয়টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। নভেম্বরের মধ্যেই এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে। এই সেতু নির্মাণে প্রয়োজনীয় অর্থও জোগাড় হয়েছে।পদ্মা সেতুর নকশা অনুমোদন: এদিকে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের জানান, প্রস্তাবিত পদ্মা সেতু নির্মাণে চূড়ান্ত নকশা অনুমোদন করা হয়েছে। সেতুটি দ্বিতল এবং ৯ মাত্রার ভূমিকম্প সহনশীল হবে। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) পদ্মা বহুমুখী সেতুর ভূকম্পন সহনশীলতা এবং বিশদ নকশা হংকংয়ে সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়েছে।রাতে তথ্য বিবরণীতে জানানো হয়, সেতুর নকশা প্রণয়নে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান এইকমের হংকং কার্যালয়ে বুধ ও বৃহস্পতিবার বৈঠক হয়। বৈঠকে সেতু বিভাগের কর্মকর্তা, সেতু নির্মাণে গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য ও পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধি মিলে চূড়ান্ত নকশা অনুমোদন করেন।সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম সফিউল্লাহ, জাপানের অধ্যাপক ইউজু ফুজিনু, কেনজি ইশিরহারা, রবিন শ্যাম, কেন হুইলার, ডেভিড কোপার ও মেথিও কারর্টরাইট বৈঠকে উপস্থিত ছিলেন।সেতু বিভাগ সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ১২০ কোটি, এশীয় উন্নয়ন ব্যাংক ৬১ দশমিক ৫ কোটি, জাপানি সংস্থা জাইকা ৩৫ কোটি এবং ইসলামি উন্নয়ন ব্যাংক ১৩ কোটি মার্কিন ডলার ঋণসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।