ফটক খুলে আইনজীবীদের ওপর চড়াও, নিষ্ক্রিয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ রঙিন পানি দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: প্রথম আলো
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বিএনপিপন্থী আইনজীবীরা জমায়েত হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ রঙিন পানি দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: প্রথম আলো

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ও কোর্টের ভেতরে পুলিশের উপস্থিতিতে  বিএনপিপন্থী আইনজীবীদের ওপর দফায় দফায় চড়াও হন ক্ষমতাসীন দলের কর্মীরা। আজ রোববার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত এ ঘটনা ঘটে। এ সময় রেহানা পারভীন নামের এক আইনজীবী আহত হন।

এর আগে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত দফায় দফায় বিএনপিপন্থী আইনজীবীদের ফটক থেকে বের হতে ও ফটকের সামনে জড়ো হতে বাধা দেয় পুলিশ। রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিপন্থী আইনজীবীরা বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ভেতরের দিকে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। ওই সময় ফটকটি বন্ধ ছিল। আগে থেকেই ফটকের বাইরে সড়কে অবস্থান করছিল পুলিশ। আইনজীবীরা ফটকের বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় একটি ইট এসে পুলিশের দিকে পড়ে। এর পরই পুলিশ রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে আইনজীবীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনজীবীরা আবারও সেখানে জড়ো হলে রঙিন পানি ছুড়ে ও সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ। বেলা তিনটা পর্যন্ত এ অবস্থা চলে।

বিকেল সাড়ে তিনটার দিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রেসক্লাব হয়ে কয়েকটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের একটি গেটের সামনে জড়ো হন। পরে তাঁরা সুপ্রিম কোর্টের প্রধান ফটকটি খুলে লাঠিসোঁটা হাতে ভেতরে ঢুকে বিক্ষোভরত আইনজীবীদের ওপর চড়াও হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

লাঠির আঘাতে রেহানা পারভীন নামের এক আইনজীবী বাঁ পায়ে আঘাত পান। তিনি দাবি করেন, সরকারি দলের কর্মীরা সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে তাঁকে পিটিয়েছেন। বিকেল পৌনে চারটা পর্যন্ত সুপ্রিম কোর্টের ভেতরে দুই পক্ষের পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপ চলে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বিকেল সোয়া চারটার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিএনপিপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টের ভেতরে আছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইরে পুলিশ মোতায়েন ছিল।