কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পূর্বপাশের সড়কে যাওয়ার ফটকগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছেন আদর্শ সদর উপজেলার চার গ্রামের বাসিন্দারা। গতকাল সোমবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে তাঁরা এই দাবি জানান।
গতকাল বেলা ১১টায় কুমিল্লা নগরের পুলিশ সুপার কমপ্লেক্স ভবনের একটি হোটেলে ওই সংবাদ সম্মেলন হয়। এরপর কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহেবনগর গ্রামের বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, ‘ব্রিটিশ আমল থেকে ময়নামতি সেনানিবাসের টিপরাবাজার এলাকা থেকে কোটবাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক দিয়ে নিশ্চিন্তপুর, সাহেবনগর, গুনানন্দী ও রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দারা যাতায়াত করে। ওই সড়কের পূর্বপাশে অন্তত ৩০ হাজার লোক বাস করে। মূল সড়ক থেকে পূর্ব পাশের গ্রামগুলো একটু নিচু জায়গায় অবস্থিত। সেখানে সীমানাপ্রাচীর থাকলেও ৩৫টি ফটক ছিল। এক বছর আগে ৩২টি ফটক বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সামীনাপ্রাচীরের উচ্চতাও বাড়ানো হয়। এতে আশপাশের লোকজন যথাযথভাবে ওই সড়ক ব্যবহার করতে পারছে না। এ অবস্থায় আমরা সড়কে ওঠার বন্ধ ফটকগুলো খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।’
হুমায়ুন কবীর অারও বলেন, সড়ক ব্যবহারের সুযোগ না থাকায় ওই এলাকার প্রসূতিরা সন্তান প্রসবের এক মাস আগে বাপের বাড়ি চলে যান। কারণ প্রসববেদনা উঠলে রাস্তা না থাকায় যানবাহন গ্রামে ঢুকতে পারবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গুনানন্দী গ্রামের কাজী আবদুল মতিন, ছেতু মিয়া, রাজেন্দ্রপুর গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়া, ওমর ফারুক, অলিউর রহমান, নিজাম উদ্দিন প্রমুখ।