ফটকে ফটকে ছাত্রলীগের তালা, ফিরে গেলেন নতুন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষের বদলি ঠেকাতে ছাত্রলীগের একাংশ আন্দোলন অব্যাহত রেখেছে। গতকাল মঙ্গলবার কলেজের মূল ফটকসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন অস্থায়ী ছাত্রকর্মপরিষদের ছাত্রলীগের নেতারা। গতকাল বেলা দেড়টায় কলেজের নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত যোগদান করতে গিয়ে ফিরে যান। কলেজের মূল ফটকসহ অধ্যক্ষের কার্যালয়ের সম্মুখে ছাত্রলীগের নেতা-কর্মী ও কিছু শিক্ষক অবস্থান নেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এদিকে ২৩ হাজার শিক্ষার্থীর পাঠদান স্বাভাবিক করা এবং অচলাবস্থা নিরসনের দাবিতে জেলা প্রশাসক ও মহানগর পুলিশের কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদক্ষেপ কামনা করছেন। যোগদান করতে আসা অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত অভিযোগ করেন, গতকাল দুপুরে একজন সহকর্মীকে নিয়ে তিনি কলেজে গিয়ে দেখতে পান সব ফটক তালাবদ্ধ। ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সেখান থেকে ফিরে আসেন। বিষয়টি শিক্ষাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল কলেজে গিয়ে দেখা গেছে, শ্রেণীকক্ষ, অফিস ও অধ্যক্ষের কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। তিন মাসের জন্য গঠিত মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ছাত্রকর্মপরিষদের সহসভাপতি ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার, সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাদের নেতৃত্বে ওই অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক অভিযোগ করেন ছাত্রলীগের এই অবৈধ আন্দোলনের সঙ্গে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাইয়ুম হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষক জড়িত। তাঁরা সাবেক অধ্যক্ষ ননী গোপাল দাসের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত। এ মুহূর্তে ননী গোপাল চলে গেলে ছাত্রলীগের ওই নেতা-কর্মীসহ শিক্ষকেরা সমস্যায় পড়বেন। তাই তাঁরা কলেজে অচলাবস্থা সৃষ্টি করেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. জাহাঙ্গীর খান বলেন, আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের তো ভোগান্তি হবেই। যাঁদের পারীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি, তাঁদের পুনরায় জানিয়ে দিতে হবে। কলেজের অস্থায়ী ছাত্রকর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার প্রথম আলোকে বলেন, অধ্যক্ষের বদলি অস্বাভাবিকভাবে হয়েছে। তাঁকে অধ্যক্ষ থেকে একটি কলেজের বিভাগীয় প্রধান করা হয়েছে। এটা অসম্মানের। তাই সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ একাত্মতা প্রকাশ করেছে। কলেজ অধ্যক্ষ ননী গোপাল দাস বলেন, তাঁকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। এ ব্যাপারে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। অডিট আপত্তি হয়েছে প্রাতিষ্ঠানিক। এটার সঙ্গে ব্যক্তিকে জড়ানো ঠিক নয়। কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. কাইয়ুম হোসেন বলেন, ছাত্রদের ওই আন্দোলনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ওই অভিযোগ ভিত্তিহীন। তবে অধ্যক্ষ ননী গোপাল দাসের আকস্মিক বদলিতে তিনি ব্যথিত। এই অচলাবস্থার নিরসন তিনিও চান। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয় ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনার বিএল কলেজের অর্থনীতি বিভাগে বদলি করে। গতকাল মঙ্গলবারের মধ্যে তাঁকে বিএল কলেজে যোগদানের জন্য মন্ত্রণালয় নির্দেশ দেয়। এ আদেশের সংবাদ বরিশালে পৌঁছালে আন্দোলনে নামে ব্রজমোহন কলেজ ছাত্রলীগের একাংশ।