পুরান ঢাকার নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা ডাস্টবিনের দুর্গন্ধে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান ফটকের সামনে থেকে ডাস্টবিনটি সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) চিঠি দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকাটি ডিএসসিসির ৩৩ নম্বর ওয়ার্ডে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ডাস্টবিনটি স্থানান্তর করতে প্রায় নয় মাস আগে ডিএসসিসি ও সংশ্লিষ্ট থানাকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তা সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া বিদ্যালয়ের সামনে ময়লা না ফেলতে মহল্লার বাসিন্দাদের নোটিশ দেওয়া হলেও তারা তা মানছে না। এখন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে সরাসরি দেখা করা ছাড়া বিকল্প নেই।
নিমতলীর নবাব কাটরা ৬৭/১ এলাকায় নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টির পূর্ব ও পশ্চিম পাশে আছে দুটি ফটক। ডাস্টবিনটি পশ্চিম পাশে প্রধান ফটকের দেয়াল ঘেঁষে। এখানে বাসাবাড়ির ময়লা ফেলছে স্থানীয় বাসিন্দারা। প্রধান ফটকের দুই পাশে একটি পিকআপ ও কয়েকটি ব্যক্তিগত গাড়ি রাখা। বিদ্যালয়ের সামনের নর্দমায় জমে আছে ময়লা পানি। মলমূত্র ত্যাগ করছে ভাসমান মানুষ ও পথচারীরা। দুর্গন্ধে বিদ্যালয়ের সামনে দাঁড়ানো দায়। ডাস্টবিনের দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে। এ ছাড়া বিদ্যালয়ের দুটি ফটক ও মাঠের চারপাশে ছড়িয়ে আছে ময়লা ও ইটপাথরের টুকরো। অথচ দুই ফটকসহ আশপাশে ময়লা-আবর্জনা ও যানবাহন না রাখতে সীমানাপ্রাচীরের বিভিন্ন স্থানে কয়েকটি ‘জরুরি নোটিশ’ লাগিয়ে রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, ডাস্টবিনের দুর্গন্ধ শ্রেণিকক্ষে আসে। এতে সবারই ক্লাস করতে কষ্ট হয়। এ ছাড়া প্রধান ফটকের সামনে ময়লা রাখায় প্রায়ই তা মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হয়।
স্কুলটি স্থাপিত হয়েছে ১৯৬৪ সালে। এই বিদ্যালয়ে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় আট শ শিক্ষার্থী আছে। শিক্ষক আছেন মাত্র সাতজন। আছে শ্রেণিকক্ষের সংকট। দুই পালায় শিক্ষার্থীদের ক্লাস নেন শিক্ষকেরা।