ফটিকছড়িতে আগুনে পুড়ে মাসহ দুই সন্তানের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরে হিন্দু পাড়ায় গত মঙ্গলবার আগুনে পুড়ে মা, মেয়ে ও ছেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই নারী দগ্ধ হয়েছেন। পুড়ে ছাই হয়ে গেছে আশপাশের পাঁচটি বসতঘর।
আগুনে মারা যাওয়া তিন ব্যক্তিরা হলেন সুমি বালা নাথ (২৫), মেয়ে বর্ষা রানি নাথ (৩) ও দেড় বছরের ছেলে শ্রাবণ নাথ। সুমির স্বামী মিলন প্রবাসী।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাত দুইটার দিকে সুন্দরপুরের পাঁচ পুকুরিয়া গ্রামের হিন্দু পাড়ায় মিলন নাথের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মিলনের স্ত্রী, মেয়ে ও ছেলে দগ্ধ হয়ে প্রাণ হারায়। টিনের চালা ও বেড়ার ঘরের আগুন দ্রুত পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী দিলীপ নাথ, রতন নাথ, তপন নাথ, বাবুল নাথসহ আরও চার পরিবারের বসতঘর আগুনে ভস্মীভূত হয়।
এ সময় ঘরের বেড়া কেটে প্রতিবেশীরা নিয়তি নাথ (৪৫) ও কলেজ শিক্ষার্থী শ্রাবণী রানি নাথকে (১৭) উদ্ধার করেন। দগ্ধ এই দুজনকে রাতেই ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। শ্রাবণী জানায়, ‘ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বেড়া কেটে আমাদের উদ্ধার করেন।’
গতকাল সকালে হিন্দু পাড়ায় গিয়ে দেখা যায়, আগুনে বসতঘর হারানো পাঁচটি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। পুড়ে যাওয়া ঘরগুলো থেকে তখনো ধোঁয়া বের হচ্ছে। দগ্ধ হয়ে নিহত তিনজনের দেহ এমনভাবে পুড়েছে যে দেখে চেনার উপায় নেই।
সুমি বালা নাথের জা রূপা রানি নাথ (৩৩) কাঁদতে কাঁদতে অভিযোগ করেন, ‘দেশের চলমান অস্থিতিশীল অবস্থার সুযোগ নিয়ে স্থানীয় কেউ আমাদের ঘরে আগুন ধরিয়ে দিতে পারে।’ তবে সুমির ভাসুর দিলীপ কুমার নাথ (৪৫) বলেন, ‘প্রতিবেশী কারও সঙ্গে আমাদের দ্বন্দ্ব-সংঘাত নেই। ইতিপূর্বে এলাকায় কখনো সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেনি।’
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রূপল চন্দ্র দাশ বলেন, আগুনে মৃত তিনজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা। সাম্প্রদায়িক সহিংসতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে এটি সহিংসতা মনে হয়নি। তদন্ত চলছে। তিনি দুর্গত মানুষদের সহায়তায় অর্থ, কম্বল ও খাদ্যশষ্য দেন।