ফটিকছড়িতে ওরসে সংঘর্ষ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে ওরসে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত আটটায় উপজেলার মাইজভান্ডার দরবার শরিফ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় মাজারের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারির ৭৯তম বার্ষিক ওরস ছিল গতকাল। ওরসকে কেন্দ্র করে সেখানে হাজারো ভক্ত সমবেত হন। ওরসকে কেন্দ্র করে তাঁর দুই ছেলে সৈয়দ সাইফুদ্দীন আহমদ ও সৈয়দ শহীদ উদ্দিন আহমদ এবার পৃথকভাবে মঞ্চ তৈরি করে আলোচনা সভাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করছিলেন। ছোট ছেলে সৈয়দ শহীদ উদ্দিন আহমদ গতকাল রাত আটটার দিকে ভক্তদের নিয়ে তাঁর বাবার মাজার জেয়ারত করতে যান। এ সময় তাঁকে বাধা দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
শহীদ উদ্দিনের সমর্থক মুহাম্মদ এসকান্দর মিয়া বলেন, ‘আগে থেকেই হামলা চালানোর পরিকল্পনা ছিল। তা না হলে মুহূর্তেই এত লোক জড়ো হয়ে মারামারি করার কথা নয়।’
সাইফুদ্দীন আহমদের সমর্থক মুহাম্মদ আবুল কাশেম বলেন, ‘শান্তিপূর্ণ ওরসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শহীদ উদ্দিনের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন।
ওসি বলেন, ‘ওরস পালন করতে গিয়ে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জানতে চাইলে সৈয়দ শহীদ উদ্দিন আহমদ বলেন, ‘ইচ্ছাকৃতভাবে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ তবে এ বিষয়ে সৈয়দ সাইফুদ্দীন আহমদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।