ফটিকছড়িতে কুপিয়ে যুবক হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের লালমাই গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মুসলেম উদ্দিন (৩২), তিনি ওই গ্রামের আমীর আলী হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী মুহামঞ্চদ ছাদেকের সঙ্গে নিহত মুসলেমের পরিবারের জায়গাজমির সীমানা নির্ধারণের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিক বৈঠকে নিষ্পত্তির চেষ্টা হলেও শেষ পর্যন্ত হয়নি। গতকাল সকালে পূর্বনির্ধারিত সালিস বৈঠকে লোকজনের উপস্থিতিতে উভয় পক্ষের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাদেক কিরিচ দিয়ে মুসলেমকে উপর্যুপরি কোপ দেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে দ্রুত পার্শ্ববর্তী ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মুসলেম মারা যান।
বাগানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুস্তম আলী জানান, খুন করার ঘটনাটি মনে হয়েছে পরিকল্পিত। দুই পরিবারের বিরোধ নিয়ে অনেকবার বৈঠক হলেও কোনো নিষ্পত্তি হয়নি।
দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মীর কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
ভুজপুর থানার ওসি (তদন্ত) অং চাই থোয়া বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।