ফটিকছড়িতে কৃষককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পুলিশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের রক্তছড়ি খালের পাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে। নিহত কৃষকের নাম আবদুল হালিম (২৮)। তাঁর বাড়ি মানিকপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সকালে রক্তছড়ি খালের কালভার্টের ওপর রক্তের দাগ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁরা খালের পাড়ে আবদুল হালিমের গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত কৃষকের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, তাঁর স্বামী গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ি না ফেরায় মধ্যরাতের দিকে তাঁর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। সকালে ঘুম থেকে উঠে আবার যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। নিহত কৃষকের ভাই আবদুর রহিম বলেন, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
ফটিকছড়ি থানার এসআই রূপল চন্দ্র দাশ বলেন, ওই ব্যক্তিকে কালভার্টের ওপর গলা কেটে হত্যা করে লাশটি পাশের খালে ফেলে দেওয়া হয়েছে। তিনি জানান, লাশের গলা, পিঠ ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ফটিকছড়ি থানার ওসি আতাউর রহমান ভূঁইয়া বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পরিবারও কাউকে সন্দেহ করতে পারছে না।