ফটিকছড়িতে ডাকাত সন্দেহে গণধোলাই, দুই ব্যক্তি আটক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের শান্তিরহাট বাজারে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে আটক করা হয়েছে।
এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ পাঁচ ব্যক্তি আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন আবদুর রহমান (২৩) ও মো. সৌরভ (১৯)। উভয়ের বাড়ি উপজেলার পশ্চিম ভূজপুর গ্রামে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে বলেন, গতকাল ভোরে স্থানীয় শান্তিরহাট বাজারের দোকানি মো. আইয়ুব ও সেলিমের দোকানে তালা কেটে ডাকাত দল চুরির চেষ্টা চালায়।
এ সময় স্থানীয় লোকজন তাদের কৌশলে প্রতিরোধের চেষ্টা করেন। অবশেষে বাজারের আট কিলোমিটার পশ্চিমে বড়বিল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাদের একজন পেশাদার ডাকাত। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।