ফটিকছড়িতে দখলমুক্ত হলো সওজের জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল আহমেদ জমিগুলো দখলমুক্ত করেন।
গত ২৪ অক্টোবর প্রথম আলোয় ‘ফটিকছড়িতে সওজের জমি দখল করে দোকান নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল আহমেদ বলেন, প্রকাশিত সংবাদের পর সওজ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে তারা দখলদারদের নোটিশ দেয় এবং মাইকে প্রচারণা চালায়। তিনি জানান, স্থানীয় ভূমি কার্যালয়ের সহায়তায় পরিমাপ করে নাজিরহাট ও মাইজভান্ডার সড়কের পাশের ২২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালানো হয়।
সূত্র জানায়, সড়কের জন্য ১৯৬৩ সালে ওই সম্পত্তি সওজের নামে হুকুম দখল করা হয়। পরে সেখানে অবৈধভাবে দোকানপাট তুলে দখল করে নেয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। চলতি বছরের জুলাই মাসে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালানোর পর দখলবাজেরা আবারও সেখানে দোকানপাট তুলতে শুরু করে।