ফটিকছড়িতে বাবা ও দুই সন্তান এখনো নিখোঁজ
চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়া পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামের বাবা জাহাঙ্গীর আলম, দুই সন্তান সামছুল আলম ও ফাতেমা জিন্নাতের খোঁজ এখনো মেলেনি।
স্থানীয় পাইন্দং ইউপি সদস্য মো. আনোয়ার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, ‘শুক্রবার দুপুর দেড়টায় জাহাঙ্গীর দুই সন্তানকে কাঁধে নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোতে নিমজ্জিত হয়। স্রোতের তীব্রতায় মুহূর্তেই তলিয়ে যায় তারা।
গতকাল শনিবার দুপুরে বেড়াজালি গ্রামে গিয়ে জাহাঙ্গীরের ঘরে গিয়ে দেখা যায়, তসবিহ হাতে স্ত্রী রুমা আকতার ঘরের সামনে নির্বাক বসে আছেন। ছুটে আসছেন স্বজনেরা।
স্থানীয় ব্যবসায়ী শহীদুল আলম বলেন, ‘করাত কলের মিস্ত্রী ছিলেন জাহাঙ্গীর। সম্ভল বলতে কিছুই নেই। এলাকার সাবেক এক চেয়ারম্যানের জমির ওপর ঝুঁপড়ি বসতঘর তৈরি করে দিন কাটাতেন তিনি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফজাল হোসেন বলেন, নিখোঁজদের সন্ধানে শুক্রবার রাতভর তল্লাশি চালানো হয়েছে। আজ (শনিবার) দিনভরও তল্লাশি চলছে।
ফটিকছড়ির দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা ফিরোজ খান বলেন, স্রোত বেশি। এর পরও প্রায় পাঁচ কিলোমিটার এলাকা তল্লাশি চালানো হয়েছে। এখনো অব্যাহত রয়েছে।