ফটিকছড়িতে বিদ্যুৎ নেই দুই দিন
চট্টগ্রামের হাটহাজারীতে গ্রিড উপকেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে ফটিকছড়ি উপজেলায় গত সোমবার সন্ধ্যা থেকে দুই দিন ধরে বিদ্যুৎ নেই। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. গিয়াস উদ্দিন বলেন, হাটহাজারী বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক গোলযোগের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, এ যান্ত্রিক গোলযোগ সারাতে সময়ের প্রয়োজন।
বিদ্যুৎ না থাকায় ফটিকছড়ি সদর ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ এরশাদ জানান, বিদ্যুৎ না থাকায় শিশু ও প্রসূতিদের জরুরি সেবাদানেও ব্যাঘাত ঘটছে। এ ছাড়া হাসপাতালের রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। পানি না থাকায় হাসপাতালের বাথরুমের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে।
উপজেলার বিবিরহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ শহীদুল আলম বলেন, বিদ্যুৎ না থাকায় গরমে ক্রেতারাও তেমন কেনাকাটা করতে আসছেন না। এতে দুই দিন ধরে ব্যবসা লাটে উঠেছে।
নাজিরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আকতার জানায়, বিদ্যুৎ না থাকায় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। অন্ধকারে পাঠদান না করার ফলে রুটিনমাফিক পড়ালেখা শেষ করা যাচ্ছে না।
মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের হাটহাজারী থেকে ফটিকছড়ি পর্যন্ত ৩৮ কিলোমিটার ৩৩ কেভির দীর্ঘ লাইন রয়েছে। এ লাইন সচল রাখা এমনিতেই আমাদের পক্ষে খুব দুরূহ। তার ওপর হাটহাজারীতে যান্ত্রিক ত্রুটি মড়ার উপর খাঁড়ার ঘায়ে পরিণত হয়েছে।’
তিনি দাবি করেন, শিগগিরই যান্ত্রিক ত্রুটি সারাতে কাজ এগিয়ে চলেছে। তবে কবে নাগাদ লাইন সচল হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।