ফটিকছড়িতে ভবন থেকে পড়ে যুবক নিহত
চট্টগ্রামের ফটিকছড়িতে নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার নাজিরহাটের ঝংকার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. জাবের আলী (২৭)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন খয়রাবাদ গ্রামের মো. তছলিমের ছেলে। পেশায় একজন নির্মাণশ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সহযোগী মো. সিরাজ মিয়াকে নিয়ে স্থানীয় ব্যবসায়ী মো. আজমের তিনতলার নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন জাবের।
সহযোগী সিরাজ মিয়া বলেন, ‘ইট আনতে নিচতলায় গেলে বিকট এক শব্দ হয়। ওপরে এসে দেখি ওস্তাদের (জাবের) রক্তাক্ত দেহ নিচে মাটিতে। এ সময় আমার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক (ইএমও) কাওছার মাহমুদ বলেন, তাঁর মাথা ফেটে যাওয়ায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়। স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
ঘটনার পর পরই খবর পেয়ে ফটিকছড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছেন।