ফটিকছড়িতে ভূজপুর ইউপি নির্বাচন স্থগিত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্বাচন স্থগিত করেন। আগামীকাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভূজপুর ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবদুল হামিদ গত বছর উচ্চ আদালতে রিট করেন। রিটের নিষ্পত্তি না করে ভূজপুর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করায় সম্প্রতি নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছার পর গণবিজ্ঞপ্তি জারি করে এ নির্বাচন স্থগিত করা হয়।
ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বাবুল চন্দ্রনাথ গতকাল রাতে মুঠোফোনে বলেন, সীমানা-সংক্রান্ত জটিলতায় উচ্চ আদালতের আদেশে ভূজপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশ পেয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সেখানে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।’