ফটিকছড়িতে যেখানে সেখানে পশু জবাই, পরিবেশদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ৪৭টি হাটবাজারে নিয়মিত পশু জবাই করা হয়। কিন্তু সদরের বিবিরহাট বাজার ছাড়া কোথাও অনুমোদিত জবাইখানা নেই। ফলে যেখানে সেখানে পশু জবাই করায় দূষিত হচ্ছে পরিবেশ। সরেজমিনে ঘুরে এ চিত্র পাওয়া যায়।
নাজিরহাট বাজারে দেখা যায়, জবাইখানা না থাকায় বাজারের পাশে হালদা নদীর পাড়ের সড়কের ওপর গরু জবাই করা হচ্ছে। ফলে এ রাস্তা দিয়ে স্থানীয় লোকজনের চলাচল দুরূহ হয়ে পড়েছে। পথচারী মো. মহিউদ্দিন বলেন, ‘বাজারের অভ্যন্তরীণ সড়কে চলাচলের সময় বর্জ্যের দুর্গন্ধে বমি হওয়ার উপক্রম হয়।’
আজাদী বাজারে গিয়ে দেখা যায়, গরু জবাইয়ের নির্ধারিত শেডে কেউ পশু জবাই করেন না। বাজারের পাশে একটি স্থানে পশু জবাই চলে নিয়মিত। জানতে চাইলে বাজারের ব্যবসায়ী মো. সোলায়মান বলেন, ‘বাজারের শেডটি একটু দূরে বলে সেখানে পশু জবাই করা হয় না।’
নাজিরহাট বাজারের মাংস ব্যবসায়ী মো. মান্নান জানান, ইজারাদার প্রতিদিন টাকা নিলেও বাজারে কোনো জবাইখানা করে দেয়নি। ফলে বাধ্য হয়ে রাস্তার পাশে পশু জবাই করা হয়।
উপজেলার উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পশুর জবাই করা রক্ত ও বর্জ্যের দুর্গন্ধে মারাত্মকভাবে পরিবেশ দূষিত হয়। এতে সাধারণ মানুষ নানা ধরনের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হতে পারে।
উপজেলা পশুসম্পদ বিভাগ সূত্র জানায়, হাটবাজারগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তাই স্বাস্থ্যসম্মত জবাইখানা তাদেরই নির্মাণ করার কথা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানানো হলেও সদরের বিবিরহাট বাজার ছাড়া কোথাও অনুমোদিত জবাইখানা নির্মাণ করা হয়নি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পশু জবাই ও মাংস বিক্রি নিয়ন্ত্রণ আইনে স্বাস্থ্যসম্মত জবাইখানায় পশু জবাইয়ের কথা বলা আছে। এর ব্যতিক্রম হলে আইনের দৃষ্টিতে অপরাধ। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের এই আইন যথাযথভাবে প্রয়োগ হয় না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সহায়তা দিলে কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, পশুসম্পদ বিভাগ চাইলে তাদের প্রশাসনিক সব সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।